৯৯ রানে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
পাল্লেকেলেতে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। মাত্র ১ রানে মাদুশকা ফেরার পর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে তানভীর ইসলামের বলে আউট হন। এরপর কামিন্দু মেন্ডিসকেও বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ।
১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। এই জুটি গড়ে তোলে চতুর্থ উইকেটে ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রানের দারুণ ইনিংস খেলেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক। আসালাঙ্কা করেন ৫৮ রান।
শেষদিকে বাংলাদেশের বোলাররা কিছুটা ঘুরে দাঁড়ালেও বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে তারা তোলে ৬ উইকেটে ২৮৫ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন ইমন ও মিরাজ। জাকের আলী ২৭, তানজীদ হাসান ১৭ ও শামীম হোসেন করেন ১২ রান।
শক্ত ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও শেষ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স দেখায় বাংলাদেশ, যার ফলে হাতছাড়া হয় সিরিজ।

0 Comments