Header Ads

যে দল নিজেদের কর্মীদের চাঁদাবাজি ঠেকাতে পারে না, তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।"

 

সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জামায়াত আমির

সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যে দল তার নিজ দলের কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত রাখতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। জামায়াতে চাঁদাবাজির কোনো সংস্কৃতি নেই। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।”

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে সিলেট মহানগর জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, “এই সরকার শহিদ পরিবারের সদস্যদের অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। জামায়াত ক্ষমতায় গেলে জুলাই শহিদ ও আহতদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় সরকার যথাযথ ভূমিকা পালন করতে পারেনি।”

চা শিল্পের দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি অব্যবস্থাপনায় চা শিল্প এখন একটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। দেশে সর্বত্রই চলছে সিন্ডিকেট ও চাঁদাবাজির রাজত্ব। দেশে একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সামনে হবে দুর্নীতির বিরুদ্ধে।”

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “জামায়াত বৈরিতার নয়, সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কাজ করবে।”

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সভায় আরও বক্তব্য রাখেন—


সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমির মখলিছুর রহমান, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মাওলানা লুৎফর রহমান হুমায়দী, জামিল আহমদ রাজু, শামীম আহমদ এবং আব্দুল্লাহ আল মাহমুদ।

সভা পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল। এতে শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments