৩৮-এও থামছেন না মেসি, পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে মাত করলেন
বয়স ৩৮! তবু যেন থামছেন না লিওনেল মেসি। এখনো বল পায়ে রীতিমতো ছেলেখেলা করছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের সঙ্গে। মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়েলের বিপক্ষে এমনই এক জাদুকরী পারফরম্যান্স উপহার দিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে জোড়া গোল করেছেন তিনি, যার একটিতে বোকা বানিয়েছেন পাঁচ ডিফেন্ডারকে, আরেকটি এসেছে তিন ডিফেন্ডারের মধ্য দিয়ে।
ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে ছিটকে গিয়েছিল মায়ামি। সেই হতাশা পেছনে ফেলে এমএলএসে ফেরে তারা। আর তখন থেকেই নজর ছিল মেসিদের পারফরম্যান্সে। প্রথম মিনিটেই যদিও মন্ট্রিয়েল এগিয়ে যায়—মেসির এক ভুল ব্যাক পাস থেকে গোল করেন প্রিন্স ওয়ুসু। তবে এরপরই ঘুরে দাঁড়ান মেসি।
ম্যাচের ৪০ মিনিটে আসে তার প্রথম গোল। ডান প্রান্তে বল পেয়ে কয়েক গজ দৌড়ে বক্সে ঢোকেন। সামনে ছিল তিন ডিফেন্ডারের দেয়াল। কিন্তু তাতে কি! বাঁ পায়ের বাঁকানো শটে সবাইকে ফাঁকি দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন।
তবে ম্যাচের সবচেয়ে চোখ ধাঁধানো মুহূর্তটি আসে ৬২ মিনিটে। মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে হঠাৎ গতি বাড়িয়ে ছুটে যান বক্সের দিকে। একে একে তিন ডিফেন্ডারকে ড্রিবল করে পার হন, এরপর আরও দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।
এই গোলটি দেখে অনেকেই ফিরে যান ২০০৭ সালে বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে করা মেসির সেই বিখ্যাত গোলটির কথা, যেখানে পাঁচ-ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছিলেন তিনি। যেন ১৮ বছর আগের সেই জাদু আবারও দেখালেন তিনি।
এ মৌসুমে মায়ামির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১২ গোল করেছেন মেসি। সামনে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। সেখানে মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জল্পনা। তবে যেভাবে এখনও প্রতিপক্ষকে দারুণভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে আর্জেন্টিনা সমর্থকদের আশাবাদী হওয়াটাই স্বাভাবিক।

0 Comments