ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে, প্রয়োজনে তারা টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলের ওপর হামলা চালাতে সক্ষম—এমন দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।
সোমবার (৭ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে জাব্বারি বলেন, "আমাদের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর বেশিরভাগ এখনো প্রকাশ করা হয়নি।"
তিনি আরও বলেন, "যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলেও আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুই বছর ধরে প্রতিদিন ব্যবহারের পরও শেষ হবে না।"
একই দিন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও এক বিবৃতিতে বলেন, "ইসরায়েল জানে—আমাদের অনেক সামরিক শক্তি এখনো মাঠে নামেনি। কুদস ফোর্স, নৌবাহিনী এবং সেনাবাহিনী এখনও পূর্ণমাত্রায় যুদ্ধে যুক্ত হয়নি।"
তিনি জানান, ইরান ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে এবং সেগুলো সুরক্ষিত জায়গায় সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল আচমকা ইরানের কয়েকটি সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে নতুন করে এই সংঘাতের সূচনা হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৯৩৫ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন।
পাল্টা জবাবে ইরানও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এতে ইসরায়েলে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে।

0 Comments